নানা কারণেই দেশে বিদেশে সমালোচিত-আলোচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার৷ ব্লেয়ারের আত্মজীবনীমূলক বই ‘অ্যা জার্নি' বের হয়েছে এই তো দিন কয়েক আগে৷ গত সপ্তাহের এই বই কত কপি বিক্রি হযেছে জানেন? প্রায় সাড়ে ৯২ হাজার৷
বেস্ট সেলার বই হওয়ায় খুশিতে ডগমগ প্রকাশনা সংস্থা 'ব়্যানডম হাউস' গ্রুপ ইউকের 'কর্নার স্টোর্ন'৷
বইটিতে রয়েছে ব্লেয়ারের শৈশব-কৈশোরের দুরন্ত বেলার তারুণ্য, প্রেম-রোমাঞ্চসহ জীবনের অনেক বাস্তব গল্প, দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া, জনসাধারণের প্রতিক্রিয়া, স্ত্রী-কন্যার প্রসঙ্গ এবং বর্তমানে তাঁর অবকাশের জীবনযাপনের নানা বিষয়৷
আমি জানি আমার মতো আপনারাও চাইবেন ব্লেয়ারের রাজনীতি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট র্জজ ডাব্লিউ বুশের সঙ্গে সম্পর্ক ইত্যাদি সম্পর্কে জানতে৷ আশাহত করেননি তিনি৷ বইটিতে এই সব বিষয় খুব অকপটে বলেছেন ব্লেয়ার৷
কিন্তু এরই মধ্যে যে বিষয়টি আলোচনার শীর্ষে এসেছে, তা হলো তিনি নাকি এই বই এর কিছু বিষয় চুরি করেছেন একটি সিনেমার থেকে৷ টেলিগ্রাফ পত্রিকাকে এমনই অভিযোগের কথা জানিয়েছেন সিনেমার কাহিনী লেখক পিটার মর্গান৷ তাঁর লেখা দি কুইন ছবির কাহিনী থেকে নাকি একটি লাইন মেরে দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী! ২০০৬ সালে দি কুইন ছবিটি মুক্তি পায়৷ মেরে দেয়া কথাটা নাকি ঐ ছবিতে ছিল রানী দ্বিতীয় এলিজাবেদের মুখের একটি ডায়ালগ৷ তবে টনি কিন্তু এই অভিযোগে এখনো কোন জবাব দেননি৷
ও হ্যাঁ বলে রাখি, ইংরেজী ছাড়াও বইটির ১৬টি ভাষায় অনুবাদ বের হচ্ছে শিগগিরই৷ বাংলায় এটি প্রকাশ করার স্বত্ব পেয়েছে ঢাকার 'অঙ্কুর প্রকাশনী'৷ ৬০০ পৃষ্ঠারও বেশি এই বইটির অনুবাদ আগামী ডিসেম্বরের মধ্যেই পাঠকদের হাতে তুলে দিতে পারবে বলেই জানিয়েছে ঢাকাই প্রকাশনা সংস্থাটি৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আরাফাতুল ইসলাম